রংপুরের পীরগঞ্জে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আকাশ নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২০ জন।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন ঘিরে সোমবার সকাল থেকে প্রধান শিক্ষক নুরন্নবী তালুকদার ও সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে আকাশ নামেও ওই শিক্ষার্থী মারা যায়।
এসময় পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়ালসহ প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওসিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রংপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মো. কামরুজ্জামান জাগো নিউজকে জানান, দুই গ্রুপের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়াও ওসি, দুই এসআই ও এক কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।