রানীর দিঘির পাড়ের এক বাসায় দিনদুপুরে চুরি
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা মহানগরীর রানীর দিঘির পূর্ব পাড়ের এক বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই বাসা থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৭৫ হাজার টাকা, ৪টি মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ১০ মে বেলা ১১ টায় এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, রানীর দিঘির পূর্ব পাড়ের ফাতেমা মঞ্জিলের তৃতীয় তলার বাসিন্দা ঠিকাদার সামছুদ্দিন ও তার স্ত্রী কাজী ডলি আক্তার ১০ মে সকাল ১১টায় তাদের ছেলে কেজি কাŦসের ছাত্র মো: শরীফুদ্দিন সানিকে বাদুরতলায় ওয়াইডব্লিউসিএ স্কুলে পৌছে দিতে বাসা থেকে বের হয়। ছেলেকে স্কুলে পৌছে দিয়ে বাসায় ফিরে কাজী ডলি আক্তার দেখেন বাসার একটি কক্ষের ভিতরের দিক থেকে বন্ধ। তিনি অনেক চেষ্টার পর ওই কক্ষ খুলে দেখেন আলমারীর তালা ভাঙ্গা। আলমারীর ভিতর রাখা কাপড় চোপড় এলোমেলো। আলমারীর ভিতর রক্ষিত পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ ৭৫ হাজার টাকা ও ৪টি মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে।
ডলি আক্তার জানান, তাদের বসতঘরের উত্তর পাশে আগে এসি ছিল, বর্তমানে তা না থাকায় এই স্থান দিয়ে হয়তো চোরেরা কক্ষে প্রবেশ করে মালামাল নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনায় গৃহকর্তা মো: সামছুদ্দিন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে চুরির সাথে জড়িতরা তাদের জীবনে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই অবস্থায় তারা সন্ত্রাসীচক্রের হাত থেকে রক্ষা ও চোরদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।




