ওএমএসের চালের দাম ২০ টাকা করার সুপারিশ
খোলা বাজারে (ওএমএস) ও ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে বিতরণ করা প্রতিকেজি চালের দাম ২৪ টাকা থেকে ২০ টাকায় নামিয়ে আনার সুপারিশ করেছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
একই সঙ্গে কমিটি চলতি মৌসুমে সরকারিভাবে ১২ লাখ টন খাদ্য শষ্য কেনার সুপারিশ করেছে।রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হক বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির সদস্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মো. আতিউর রহমান আতিক, নারায়ণ চন্দ্র চন্দ, মো. জাফর আলী, মো. আকরাম হোসেন চৌধুরী ও ইকবালুর রহিম অংশ নেন।বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব ড. এম আসলাম আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর কমিটির সদস্য আতিউর রহমান আতিক বাংলানিউজকে বলেন, ওএমএস ও ফেযার প্রাইসে মূলত নিম্ন আয়ের মানুষরা চাল কেনে। এ শ্রেণীর মানুষদের ক্রয় ক্ষমতাও কম। এজন্যই কমিটি দাম কমানোর সুপারিশ করেছে।
তিনি বলেন, কৃষক যাতে উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় সেজন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয় আগামী দুই-একদিনের মধ্যে এ বিষয়ে আলোচনা করবে বলে জানিয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে হতদরিদ্র তালিকাভুক্ত ৭৭ লাখ ফেয়ার প্রাইস কার্ডধারীদের তালিকা পুনঃপরীক্ষা করার সুপারিশ করেছে। তালিকায় অনুপযুক্ত ব্যক্তি থাকলে তাদের বাতিল করার সুপারিশও করা হয়।




