হরতালের কারণে মানবতাবিরোধী অপরাধের তিন মামলার কার্যক্রম মূলতবি
গতকাল রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে মানবতাবিরোধী অপরাধের তিন মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে।
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রারম্ভিক বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য তিন মে দিন পুনর্নিধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল (এক সদস্য অনুপস্থিত ছিলেন) গতকাল রোববার এই আদেশ দেন। আদেশে বলা হয়, বিরোধী দলের ডাকা হরতালের কারণে আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা যায়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াদ আল মালুম বলেছেন, তাঁরা প্রস্তুত আছেন। কিন্তু আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত নেই। বর্তমান অবস্থা বিবেচনা করে এই মামলার কার্যক্রম তিন মে পর্যন্ত মুলতবি করা হলো।
অপরদিকে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ বিএনপির নেতা আবদুল আলীমের জামিনের মেয়াদ তিন মে পর্যন্ত বাড়িয়েছেন। গতকাল বুধবার তাঁর জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম জানান, হরতালের কারণে আলীম ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। এ জন্য তিনি সময়ের প্রার্থনা করেন। তারিকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আলীমের জামিন আবেদনের শুনানি তিন মে পর্যন্ত মুলতবি করেন।




