
দুই শিক্ষকের উপর এসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও বিচার দাবি: প্রাক্তণ শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
স্টাফ রিপোর্টার।। আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের দুজন শিক্ষকের উপর এসিড নিক্ষেপকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি পেশ করেছেন। গতকাল বুধবার বেলা ৩টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে এ ব্যাপারে জেলা প্রশাসক মো: রেজাউল আহসান ও পুলিশ সুপার মো: মোখলেছুর রহমানের কাছে স্মারকলিপি পেশ করেন স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচি চলাকালে কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাইস্কুলের প্রাক্তণ ছাত্র ডা. আবু আয়ূব হামিদ, সঙ্গীত শিল্পী আসিফ আকবর, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মেরী শিখা, শিক্ষক আলাউদ্দিন আহমেদ, শিক্ষক নার্গিস, শিক্ষক ছফুয়া বেগম, সিটি কাউন্সিলর মঞ্জুর কাদের মনি প্রমুখ।
গত ২৯ এপ্রিল দুপুরে স্কুল শেষে রিকশায় বাসায় ফেরার পথে আওয়ার লেডী অব ফাতিমা গার্লস স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক জসীম উদ্দিন ও গণিতের আল আমিন মোল্লাকে দুর্বৃত্তরা এসিড ছোড়ে। এতে জসীম উদ্দিনের চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই শিক্ষক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
মানববন্ধন কর্মসূচিতে স্কুলের শিক্ষক, প্রাক্তণ-নতুন শিক্ষার্থী, কুমিল্লার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক লোক অংশগ্রহণ করেন।




