১৮ দলীয় জোটের বৈঠকে সিদ্ধান্ত:রবি ও সোমবার হরতাল
স্টাফ রিপোর্টার।। শনিবারের মধ্যে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফিরে না পেলে আগামী রবি ও সোমবার হরতালের সিদ্ধান্ত হয়েছে নবগঠিত ১৮ দলীয় জোটের বৈঠকে। বুধবার রাত পৌনে নটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নবগঠিত ১৮ দলীয় জোটের পিপলস পার্টি ও ইসলামিক পার্টির প্রতিনিধি অংশ নেননি। বৈঠকে প্রায় সব দলই রোব ও সোমবার হরতাল ঘোষণার ওপর জোর দেন।
রাত পৌনে দশটারর দিকে ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষ হয়।
বৈঠক সূত্র জানায়, ইলিয়াস আলীকে ফিরে না পেলে আগামী শনিবার বিকেলে এ হরতালের ঘোষণা দেওয়া হবে।
ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবিতে বিএনপির ডাকে বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে যে বিক্ষোভ সমাবেশ হতে যাচ্ছে তাতেও অংশ নেবেন বলে ১৮ দলের নেতারা বিএনপি চেয়ারপার্সনের কাছে অঙ্গীকার করেছেন বলে সূত্র জানায়। দলীয় সূত্র জানায়, বুধবার রাতে এ ধরনের কোন বৈঠক আয়োজনের পূর্ব পরিকল্পনা ছিলো না। সন্ধ্যায় হঠাৎ করেই ১৮ দলীয় জোট নেতাদের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডাকা হয়।




