শিরোপার আরও কাছে ম্যানইউ
ম্যানসিটির সঙ্গে ব্যবধানটা ফের পাঁচ পয়েন্টে বাড়িয়ে নিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে ম্যানইউ। রোববার ওল্ড ট্রাফোর্ডে ওয়েন রুনির জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রেডডেভিলরা। ইংলিশ প্রিমিয়ার লীগ শেষ হতে আর মাত্র চারটি করে ম্যাচ বাকি। ৩৪ ম্যাচ শেষে দুই ম্যানচেস্টার জায়ান্টের সংগ্রহ ৮২ ও ৭৭ পয়েন্ট। গত সপ্তাহে উইগানের কাছে অপ্রত্যাশিত হারে চাপে পড়ে গিয়েছিল ম্যানইউ। এই সুযোগে টানা দুম্যাচ জিতে ম্যানইউর সঙ্গে ব্যবধান আট থেকে দুই পয়েন্টে কমিয়ে এনেছিল সিটি। কিন্তু উইগান ট্রাজেডির ধাক্কা সামলে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে ম্যানইউ। অ্যাস্টন ভিলার বিপক্ষে জোড়া গোল করে চলতি মৌসুমে নিজের গোল সংখ্যা ৩১-এ নিয়ে গেছেন রুনি। তবে সাত মিনিটে পেনাল্টি থেকে করা রুনির প্রথম গোলটি নতুন বিতর্কের জ§ দিয়েছে। পড়ে যাওয়ার অভিনয় করে পেনাল্টি আদায়ের অভিযোগ উঠেছে অ্যাশলে ইয়ংয়ের বিপক্ষে। অ্যাস্টন ভিলার কিয়ারান ক্লার্কের সামান্য ধাক্কায় ডি বক্সের মধ্যে পড়ে যান ম্যানইউর এই ইংলিশ উইঙ্গার। সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন রেফারি মার্ক হ্যালসে। গত সপ্তাহে কিউআরের বিপক্ষে একইভাবে একটি পেনাল্টি আদায় করেছিলেন ইয়ং। ওই ঘটনায় লাল কার্ড দেখেছিলেন কিউপিয়ারের শন ডেরি। ফলে ইয়ংয়ের বিপক্ষে বেশ জোরেশোরেই প্রতারণার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে ম্যানইউ বস স্যার অ্যালেক্স ফার্গুসন বলেছেন, আমার ধারণা, পেনাল্টি আদায়ের জন্য সে এমনটা করে। তার পড়ে যাওয়াটা ছিল বেশ নাটকীয়। সম্ভবত সে তার পতনটাকে ত্বরান্বিত করেছে। কিন্তু এটা নিশ্চিত পেনাল্টি ছিল। এ নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। ইয়ংয়ের আদায় করা এই পেনাল্টি থেকে সহজেই ম্যানইউকে এগিয়ে দেন রুনি। ৪৩ মিনিটে এভরার ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েলবেক। বিরতির পর ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ম্যানইউর জয় নিশ্চিত করে ফেলেন রুনি। আর ইনজুরি টাইমে অ্যাস্টন ভিলার কফিনে শেষ পেরেক ঠুকে দেন নানি। চার ম্যাচ বাকি থাকতে পাঁচ পয়েন্টের অগ্রগামিতা। তার পরও এখনই নিজেদের চ্যাম্পিয়ন ভাবতে নারাজ ফার্গুসন। প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান তিনি। এদিকে স্প্যানিশ লীগে তৃতীয় স্থানের লড়াই দারুণ জমে উঠেছে। রোববার ভ্যালেন্সিয়াকে (৫২) টপকে তিন নম্বরে ওঠার সুযোগ ছিল মালাগার (৫১) সামনে। কিন্তু দশজনের রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলে ড্র করে সুযোগটা হাতছাড়া করেছে মালাগা। এর আগে এস্পানলের কাছে ৪-০ গোলে হেরেছে ভ্যালেন্সিয়া। ফ্যালকাওয়ের দেয়া একমাত্র গোলে রায়ো ভালেকানোকে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অপর ম্যাচে মায়োরকার বিপক্ষে একই ব্যবধানে জিতেছে বিলবাও। এ ছাড়া কোলনকে ৩-০ গোলে হারিয়ে বুন্দেসলীগার শীর্ষ চারে জায়গা ধরে রেখেছে গ্লাডবাচ। এএফপি।




