
বৃষ্টিতে দুর্ভোগ নগরবাসীর
বাবর মুনাফ
গতকাল রোববার কুমিল্লা নগরীতে দিনভর বৃষ্টি হয়েছে। চৈত্রের বৃষ্টিতে চলমান তাপদাহ থেকে রেহাই পেলেও ভোগান্তির শিকার হয়েছেন কুমিল্লার জনসাধারণ। বৃষ্টিপাতের ফলে নগরীর কাঁচা, পাকাসহ বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যান চলাচলের সংখ্যাও ছিল কম। সড়কের দুপাশ জুড়ে বসা হকারদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। যানবাহনের সংখ্যা কম থাকায় নগরবাসীকে ছাতা মাথায় নিয়ে পায়ে হেটে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে। অনেকেই বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি। স্কুল-কলেজের প্রাইভেট পড়তে আসা শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। চাকুরিজীবী, ব্যবসায়ী ও অন্যান্য লোকজন চলাফেরার সাময়িক অসুবিধায় পড়েন। ক্রেতা না আসায় অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অলস সময় কাটাতে দেখা গেছে। বৃষ্টির অজুহাত দেখিয়ে সাধারণ রিক্সাচালকও অটোবাইক চালকরা যাত্রীদের নিকট বেশি ভাড়া আদায়ের চেষ্টা করে।
নগরীর কান্দিরপাড় এলাকার রিক্সাচালক জামাল উদ্দিন জানান, সারাদিন বৃষ্টি থাকায় বেশিক্ষণ রিক্সাচালাতে পারিনি।
অটো বাইক চালক খোরশেদ মিয়া জানান, গন্তব্য যাওয়ার জন্য যাত্রীর সংখ্যা ছিল কম। বৃষ্টির ফলে রাস্তায় অটো নামানো যায়না।




