গেইলকে স্বাগত জানাতে প্রস্তুত অধিনায়ক স্যামি
ক্রিস গেইল ফের ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরতে উ§ুখ। এ কথা তিনি জানানোর পর দলের সবাই খুশি। অধিনায়ক ড্যারেন স্যামি থেকে শুরু করে কোচ ওটিস গিবসন গেইলকে স্বাগত জানাতে প্রস্তুত। ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের জন্য তাকে পাওয়া যাবে, গেইলের এই মন্তব্যের পর ওয়েস্ট ইন্ডিজ দলে সবাই নড়েচড়ে বসেছেন। গেইল ফিরতে এতটাই মরিয়া যে, সমারসেটের সঙ্গে নিজের চুক্তি পর্যন্ত বিসর্জন দিয়েছেন। ফ্রেন্ডস লাইফ টি ২০তে বিদেশী খেলোয়াড় হিসেবে সমারসেটে খেলার কথা ছিল গেইলের। ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ওটিস গিবসন বলেছেন, গেইল যদি ফেরে, তাহলে অবশ্যই তাকে খেলানো হবে। তবে খুশি হলেও অধিনায়ক ড্যারেন স্যামি সতর্ক বার্তাও পৌঁছে দিয়েছেন গেইলের জন্য। স্যামির কথায়, ওয়েস্ট ইন্ডিজের সাজঘরে এখন কঠোর পরিশ্রমের সংস্কৃতি চালু হয়েছে। গেইল যদি ফিরে আসে, তাকে এই সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে হবে।
আজ তিনদিনের ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের ইংল্যান্ড সফর শুরু করবে। বৃহস্পতিবার হোভে এক সংবাদ সম্মেলনে কোচ গিবসন বলেন, শুনে ভালো লাগছে যে, ক্রিস (গেইল) আবার ফিরে আসতে চাইছে। আমি নিশ্চিত যে, নির্বাচকরা তাকে দলে রাখবেন। কারণ, সে বিশ্বমানের খেলোয়াড়। গেইল যদি ওয়ানডে দলে ফিরে আসে, তাহলে তাকে না খেলানোর কোন কারণ দেখছি না আমি। অতীতে গিবসন প্রকাশ্যে গেইলের সমালোচনা করতে কুণ্ঠিত হননি। এখন তিনি সুর পাল্টেছেন। ২০১১ বিশ্বকাপের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেননি গেইল। দলে নিজেকে ফিরে পেতে গেইলের জন্য কষ্টকর হবে কিনা এমন এক প্রশ্নের উত্তরে কোচ বলেন, আবার খাপ খাইয়ে নিতে খুবই সহজ হবে ওর জন্য।
স্যামিও কোচের মতো গেইল ফিরে এলে কোন সমস্যা হবে না বলে মনে করেন। ৩২ বছর বয়সী জ্যামাইকার বাঁ-হাতি মারকাটারি ব্যাটসম্যান গেইল বর্তমানে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের হয়ে খেলছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরোধের জেরে এক বছরেরও বেশি সময় ধরে গেইল দলের বাইরে রয়েছেন। ইন্টারনেট/এএফপি।




