গেইলের ফেরা অনিশ্চিত
বোর্ডের সঙ্গে দূরত্ব ঘুচিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আবারও মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছিল ক্রিস গেইলের। কিন্তু জাতীয় দল না কাউন্টি ক্রিকেট কোনটিকে প্রাধান্য দেবেনŅ সেটা নিয়ে আবারও অনিশ্চয়তায় পড়েছে গেইলের দলে ফেরা। ক্যারিবীয়দের আসন্ন ইংল্যান্ড সফরে একদিনের ম্যাচে গেইলকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এপ্রিলের শুরুতে বোর্ডের প্রধান নির্বাহী আর্নেস্ট হিলারিকে লেখা এক চিঠিতে গেইল জানতে চান ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে তাকে দলে রাখা হবে কিনা। ওই সময়ে সমারসেটের হয়ে খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা কাটাতেই এই চিঠি লিখেছিলেন গেইল। বিদেশী খেলোয়াড় হিসেবে গ্রীষ্মে সমারসেটের হয়ে খেলার ব্যাপারে এরই মধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন গেইল। ২০ এপ্রিল পাঠানো ওই ই-মেইল বার্তায় গেইল লেখেন, আমি আপনার কাছে ২ মে থেকে ২৫ জুনের ইংল্যান্ড সফরের বিষয়ে জানতে চাচ্ছি। যেহেতু আমি কথা দিয়েছিলাম আইপিএলের বাধ্যবাধকতা শেষ হওয়ায় এই সফরে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে খেলতে প্রস্তুত। তবে সমারসেটের চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে ওই সময়ে খেলতে পারব কিনা সেই বিষয়ে ক্লাবকে অবহিত করতে হবে। এ চিঠি পেয়ে ক্ষুব্ধ হিলারি গেইলের বিরুদ্ধে প্রতিশ্রতি ভঙ্গের অভিযোগ আনেন। বিষয়টিকে সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনস্যালসের মধ্যস্থতায় বোর্ডের সঙ্গে বিবাদ মেটানোর সময় গেইলের দেয়া কথার বরখেলাপ বলে মনে করেন হিলারি। একই সঙ্গে গেইলকে জানিয়ে দেন, সমারসেটের পরিবর্তে তার ওয়েস্ট ইন্ডিজকেই প্রাধান্য দেয়া উচিত। ২০১১ বিশ্বকাপে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নেমেছিলেন গেইল। ইন্টারনেট।




