হাসিনা কাতরাচ্ছে হাসপাতালের বেডে
হুমায়ুন কবির জীবন
ভাসুরের ছেলের ছোড়া গরম পানিতে ঝলসে গেছে চাচী হাসিনা বেগমের শরীর। গত তিনদিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি।
জানা যায়, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে নগরীর দ্বিতীয় মুরাদপুরে ভাসুরের ছেলে রুবেলের ছোড়া গরম পানিতে ঝলসে যায় চাচী হাসিনা বেগমের (২৬) শরীর। এবং তার ঘরের সকল মালামাল লুটপাট করে নিয়ে গেছে ভাসুরের ছেলে ও তার সহযোগীরা। গত ৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর দ্বিতীয় মুরাদপুরে মৃত হিরণ মিয়ার স্ত্রী হাসিনা বেগমের সাথে সম্পত্তি নিয়ে ঝগড়ার জের ধরে ভাসুর হারুন মিয়ার ছেলে রুবেল কয়েকজন সহযোগী নিয়ে চাচী হাসিনা বেগমেক কেটলীর উত্তপ্ত গরম পানি নিক্ষেপ করে। এতে হাসিনার মাথা, কপাল, হাত, পিঠ ও বুকসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এ ঘটনায় গুরুতর আহত হাসিনা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হাসিনা বেগমের দুটি ছেলে রয়েছে। তারা হলো ইমন (৬) ও শুভ (৯)। গুরুতর আহত হাসিনা বেগম জানান, তাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছে। তার স্বামীর মৃত্যুর পর থেকে অনেক কষ্ট করে দুই সন্তানকে নিয়ে কোন রকম দিন কাটাচ্ছেন। তিনি বলেন, জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে ভাসুরের ছেলে এ ঘটনাটি ঘটায়। আমি এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে ঘটনার দিন রাতে ৬জনকে আসামি করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।




