ত্রাতা সেই জয়াবর্ধনে
গল টেস্টের চিত্রনাট্য অনুসরণ করেই যেন শুরু হল কলম্বো টেস্ট। গল আর কলম্বো টেস্টের প্রথম দিনের চিত্রটা হুবহু এক। শুরুতে দ্রুত তিন উইকেট হারানোর পর আবারও শ্রীলংকার ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। আবারও থিলান সামারাবীরাকে নিয়ে প্রতিরোধের দেয়াল গড়লেন তিনি। জয়াবর্ধনের টানা দ্বিতীয় সেঞ্চুরির সুবাদে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ছয় উইকেটে ২৩৮ রান করেছে শ্রীলংকা। গলে প্রথম ইনিংসে জয়াবর্ধনের ১৮০ রানের ক্লাসিক ইনিংসটিই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল। কলম্বোতেও ১০৫ রান করে প্রথম দিন শেষে দুদলকে সমতায় রেখেছেন লংকান অধিনায়ক। টেস্টে এটি জয়াবর্ধনের ৩১তম সেঞ্চুরি। একটি ছয় ও ১১টি চারে ২১৬ বলের ইনিংসটি সাজিয়েছেন তিনি। গলে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫ রানেই তিন উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকরা। এরপর সামারাবীরাকে নিয়ে শ্রীলংকাকে কক্ষপথে ফিরিয়েছিলেন জয়াবর্ধনে। শেষ পর্যন্ত ৭৫ রানে গল টেস্ট জিতে সিরিজে ১-০-তে এগিয়ে যায় স্বাগতিকরা। মঙ্গলবার পিসারা ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে আবারও বিপদে পড়ে শ্রীলংকা। জেমস অ্যান্ডারসনের অসাধারণ এক স্পেলে (৫-১-১৯-৩) ৩০ রানেই প্রথম তিন উইকেট খুইয়ে বসে স্বাগতিকরা। ইনিংসের পঞ্চম ওভারের শেষ দুবলে দিলশান (১৪) ও সাঙ্গাকারাকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন অ্যান্ডারসন। গলের মতো কলম্বোতেও তাকে হ্যাটট্রিকবঞ্চিত করেন জয়াবর্ধনে। কিন্তু এক ওভার পরেই থিরিমান্নেকে (৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলে আরেকটি আঘাত হানেন অ্যান্ডারসন। সেখান থেকেই শ্রীলংকার ঘুরে দাঁড়ানোর শুরু। সামারাবীরার সঙ্গে চতুর্থ উইকেটে ১২৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন জয়াবর্ধনে। ১২৯ বলে ৫৪ রান করে ব্রেসনানের শিকার হন সামারাবীরা। এরপর চোট কাটিয়ে দলে ফেরা অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে ৬২ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন জয়াবর্ধনে। চা বিরতির পর সামিত প্যাটেলের বলে সিঙ্গেল নিয়ে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছে যান লংকান অধিনায়ক। ইংলিশ সমর্থকরাও করতালি দিয়ে অভিনন্দন জানান তাকে। তবে সেঞ্চুরির পর ইনিংসটাকে বেশিদূর টেনে নিতে পারেননি জয়াবর্ধনে। এএফপি।




