কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার বার্ষিক এ্যাথলেটিকস প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বার্ষিক এ্যাথলেটিক প্রতিযোগিতা গতকাল শনিবার কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা জেলা মহিলা সংস্থার সভানেত্রী বেগম দিল রওশন।
গতকাল সকালে কুমিল্লা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন প্রাক্কালে জাতীয় পতাকা ও বার্ষিক এ্যাথলেটিক প্রতিযোগিতা পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী বেগম দিল রওশন। বার্ষিক এ্যাথলেটিক প্রতিযোগিতা পতাকা উত্তোলন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা রাশেদা রহমান। তিনি স্বাগত বক্তব্যও রাখেন। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বেগম দিল রওশন। তিনি চলতি সালামও গ্রহণ করেন। ক্রীড়াবিদ ও বিচারকবৃন্দের শপথ গ্রহণের পর মশাল প্রজ্জ্বলন করেন ক্রীড়াবিদ সাফিয়া বেগম ও সানজিদা আক্তার।
প্রতিযোগিতায় বিচারকদের দায়িত্ব পালন করেন মলি ভৌমিক, পাপড়ী বসু, দিলনাশি মোহসেন, ফাহমিদা জেবিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক অভিবদান সম্পাদক আবুল হাসানাত বাবুল, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নাজমুল আহসান রোমেল।
খেলা পরিচালনা করেন ডি কে পাল, মোস্তাক আহমেদ মজুমদার, আবদুল মতিন।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদা বিদ্যায়তন, শৈলরানী দেবী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, হোচ্ছামিয়া লুৎফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।




