সম্মিলিত বীমা কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার।। তিনস্তর বিশিষ্ট বীমা কাঠামোর সিদ্ধান্ত বাতিল ও বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরার চেয়ারম্যান এম শেফাক আহমেদের অপসারণের দাবিতে সম্মিলিত বীমা কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি পেশ করেছেন। গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন জাতির পিতার কষ্টার্জীত সংগঠন জীবন বীমা শিল্পের অস্তিত্ব আজ ব্যাপক হুমকির সম্মুখীন। বীমা শিল্পে শৃংখলার পরিবর্তে আজ বিশৃংখলা বিরাজ করছে। ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে, যে মুহূর্তে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান এর ব্যবস্থা করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে সরকারের ভাবমূতি নষ্ট ও বীমা শিল্পকে ধ্বংস করার জন্য ইডরা চেয়ারম্যান এর স্বৈরাচারী সিদ্ধান্তের কারণে বীমা শিল্পে লাখ লাখ বীমা কর্মী বেকার হয়ে পড়ছে।
বীমা শিল্পের ২৫ লাখ কর্মকর্তা কর্মচারীর ২কোটি পারিবারিক সদস্য আজ মানবেতর জীবনযাপন করছে। এ শিল্প থেকে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।
কঠিন সংগ্রামের মধ্য দিয়ে একজন বীমা কর্মীকে পথ চলতে হয়। নির্দিষ্ট কোন বেতন কাঠামো না থাকায় বীমা কর্মীদের কমিশন ভিত্তিক কাজ করতে হয়। এরই মাঝে পূর্বের কাঠামো পরিবর্তন করে নতুন কাঠামোতে বাস্তবায়িত হলে বীমা শিল্প কর্মী শূন্য হয়ে পড়বে।
নেতৃবৃন্দ দেশের সম্ভাবনাময় খাত বীমা শিল্পকে সুরক্ষায় ইডরা চেয়ারম্যানের আত্মঘাতী সিদ্ধান্ত বাতিল করে বীমা শিল্পের লাখ লাখ কর্মীর জীবন বাঁচানোর এবং কর্মসংস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।




