সালমাদের অস্ত্র স্পিন
সফরকারী দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলকে স্পিন দিয়েই বধ করতে চান বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। বুধবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সালমা বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিততে চান তিনি। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষের ম্যাচগুলোকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকা মহিলা দলের অধিনায়ক মিগনান ডু প্রিজ। প্রোটিয়া মহিলা দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি ২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ মিরপুর স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে। দক্ষিণ আফ্রিকা দল সম্পর্কে কোন ধারণা নেই বলেই জানান অধিনায়ক সালমা। সালমা মনে করেন, তার দলের মূল শক্তি স্পিন। স্পিন দিয়েই মূলত দক্ষিণ আফ্রিকাকে বধ করতে চান তিনি। সালমা বলেন, ওদের সম্পর্কে আমরা এখনও তেমন কিছুই জানি না। মাঠে ওদের ব্যাটিং দেখেই আমরা ওদের আটকানোর সিদ্ধান্ত নেব। তবে আমার বিশ্বাস স্পিন দিয়েই আমরা ওদের আটকাতে পারব।
প্রায় পাঁচ মাস পর মিরপুর স্টেডিয়ামে খেলা হচ্ছে। এর মধ্যে মাঠের সংস্কারও করা হয়েছে। উইকেট কেমন হবে সে সম্পর্কে ধারণা নিতে মঙ্গলবার মাঠে গিয়েছিলেন বলে জানান সালমা। গতকাল আমি উইকেট দেখতে গিয়েছিলাম, উইকেট পুরোপুরি প্রস্তুত। আশা করছি কিউরেটর গামিনি সিলভা যে উইকেট তৈরি করেছেন, তা আগের মতোই হবে।




